সদরুল আমিন, ছাতক | ০৮ জানুয়ারী, ২০১৮
মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জের ছাতক উপজেলায় ঘন কুয়াশা এবং কনকনে ঠাণ্ডা বাতাসের সাথে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকা তাপমাত্রা আর ঘন কুয়াশায় পৌষের এই হাড় কাঁপানো শীতে কাঁপছে এ জনপদ। এ অবস্থায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন শ্রমিকরা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। ইতোমধ্যে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সোমবার অর্ধবেলা ছিল হাড় কাঁপানো শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য সূর্য উঁকি দিলেও তার তেজ এমন একটা ছিল না। দিনভর ছিল হিমেল বাতাসে শীতের দাপট। গতকাল রোববার সন্ধ্যায় বাড়তে থাকে ঠাণ্ডা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। হাট-বাজারেও লোকজনের সমাগম ছিল কম।
এদিকে বোরো চাষাবাদের এই সময়ে শুক্রবার থেকে মৃদু শৈত্যপ্রবাহে বেকায়দায় পড়েছেন কৃষকরা। হাওরের পানিতে নেমে দীর্ঘক্ষণ কাজ করা কষ্টকর হয়ে ওঠেছে। হাওরে পানি নিষ্কাশনে বিলম্ব হওয়ায় এমনিতেই এবার বোরো চাষাবাদ পিছিয়েছে। এখন শৈত্যপ্রবাহে চাষাবাদে বিঘ্ন ঘটছে।
ছাতক উপজেলার নাইন্দার হাওরের কৃষক রেজা মিয়া (৪০ ) সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি বরফ ওই গিছে বেশি সময় ক্ষেতে থাকা যায় না এমনেউ বোরোর সময় শেষ ওইযার।
এই কৃষকের ন্যায় বিপাকে পড়েছেন দিনমজুরাও। জেলার শিল্প শহর ছাতকের দিনমজুর চান্দ আলী বলেন, পেটের দায়ে এই হাড়কাপানো শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে কাজে যেতে হচ্ছে। কাজে না গেলে ঠিকাদার আর পরবর্তীতে কাজে নিবে না।
এছাড়া শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় শীতের কাপড় কিনতে আসা আসক আলী বলেন, এতোদিন শীতের কাপড় কিনি নাই কিন্তু এ সাপ্তাহের শীতে আর ঠিকে থাকা গেলো না রোজের টাকা থেকে কিছু বাঁচিয়ে কাপড় কিনতে এসেছি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বললেন, ‘রোববার সুনামগঞ্জের তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা এ বছরের সর্বনিম্ন।
আজ (সোমবার) সন্ধ্যায় তাপমাত্রা আরো নীচে নামবে। সুনামগঞ্জের তাপমাত্রা আজ সোমবার ১০ ডিগ্রির নীচে, ৯ ডিগ্রির উপরে থাকবে। ১১ ডিসেম্বরও অনুরূপ থাকবে। আগামী ১০ দিন ১১ ডিগ্রির নীচে, ১০ ডিগ্রির উপরে থাকবে সুনামগঞ্জের তাপমাত্রা।