Sylhet Today 24 PRINT

সিলেটে ছিনতাইকারীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ জানুয়ারী, ২০১৮

নগরীর বন্দরবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় আটক এক অস্ত্রধারী ছিনতাইকারীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (৮ জানুয়ারি) সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সাইফুজ্জামান হিরো এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো: শের জুমন ওরফে মনাই (২১)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার স্বরমঙ্গল গ্রামের আতিব আলী উরফে আতিব উল্লার ছেলে।

রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট রাশেদা শাহিদা খানম ও আসামিপক্ষে এডভোকেট মো: আকবর হোসেন মামলাটি পরিচালনা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি জুমন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে শারদীয় দূর্গাপুজায় প্রতিমা বিসর্জনে আগত দর্শনার্থীদের ভিড়ের মধ্যে অস্ত্রধারী মনাইসহ ৩-৪ জন ছিনতাইকারী সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ১ নং গেইটের সামনে জড়ো হয়ে ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টহলরত র‌্যাব-৯ এর সদস্যরা দেখতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে অস্ত্রধারী ছিনতাইকারী মো: শের জুমন ওরফে মনাইকে আটক করেন। তবে অন্য ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়।

এ সময় আটক জুমনের কাছ থেকে একটি ধারালো ছোরা, ২টি স্ক্রু, ১টি মোবাইলসেট ও ২টি স্টিলের মেডিকেল সিজার (কাঁচি) উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৯ এর এসআই মো: আল ইমরান বাদি হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন (মামলা নং-১/২০১৭)।

তদন্ত শেষে কোতোয়ালী থানার এসআই মো: আক্তারুজ্জামান পাঠান ওই বছরের ৯ অক্টোবর জুমনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ৩০ অক্টোবর থেকে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানী ও ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত আসামি মো: শের জুমন ওরফে মনাইকে দ্রুত বিচার আইনে উল্লেখিত দণ্ডাদেশ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.