Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মুন্নী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০৮ জানুয়ারী, ২০১৮

নিহত হুমায়রা আক্তার মুন্নী

সুনামগঞ্জের বখাটের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিনের আদালতে ৯০ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ও দিরাই থানার এসআই মো. সেকান্দর আলী।

অভিযোগপত্রে একজনকে আসামি করা হয়েছে এবং ২১ জনকে সাক্ষী করা হয়েছে বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সেকান্দর আলী জানান, মুন্নী হত্যা মামলাটি একটি আলোচিত মামলা। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাই মামলা দায়েরের ১৫ কার্য দিবসের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এ মামলায় ২১ জনকে সাক্ষী করা হয়েছে। নিখুঁতভাবে চার্জশিট দেওয়া হয়েছে যাতে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, গতবছর ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌর শহরের মাদানী মহল্লার বাসায় ঢুকে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মুন্নীকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটে ইয়াহিয়া। পরে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ইয়াহিয়া ও তার সহযোগী তানভির চৌধুরীকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন মুন্নীর মা রাহেলা বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.