Sylhet Today 24 PRINT

দেশে ফেরার পথে বিমানবন্দর থেকে প্রবাসী নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০১৮

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার এক প্রবাসী।

শনিবার (৬ জানুয়ারি) থেকে জাহাঙ্গীর আলম বাবলু নামের এই প্রবাসী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবার।

নিখোঁজ জাহাঙ্গীর আলম বাবলু মৌলভীবাজার জুড়ি উপজেলার উত্তর ভবানীপুর এলাকার আব্দুল হাসিবের ছেলে।

নিখোঁজ বাবলুর ছোট ভাই জাহিদুল ইসলাম সপু জানান, শনিবার (৬ জানুয়ারি) ইতালি থেকে ফ্লাই আমিরাতের একটি ফ্লাইটে বাবুল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেট ওসমানী বিমানবন্দর আসার কথা ছিল। কিন্তু ঢাকা বিমানবন্দর পর্যন্ত আসার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় একটি জিডি করা হয়েছে। কিন্তু এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জুড়ী থানার ওসি মো. জালাল উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে ঢাকা বিমানবন্দর থানায় একটি জিডি করা হয়েছে।

ঢাকা বিমানবন্দর থানার ওসি নুরে আজম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি সত্য। আমরা নিখোঁজ বাবলুর সন্ধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.