Sylhet Today 24 PRINT

আম্বরখানা থেকে দুই ভূয়া সাংবাদিক আটক

সিলেট নগরীর আম্বরখানাস্থ সিটি লিংক হোটেল থেকে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাব-৯।

নিউজ ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৫

সিলেট নগরীর আম্বরখানাস্থ সিটি লিংক হোটেল থেকে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাব-৯। অপহৃত এক মেয়ের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়কালে মঙ্গলবার বিকেলে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কয়েকটি পত্রিকার ভুয়া পরিচয়পত্র উদ্ধার করে র‌্যাব। আটককৃতরা হচ্ছে কোম্পানীগঞ্জের পাড়ুয়া গ্রামের জহির রায়হান (৩০) ও লাহিন আহমদ (২৮)।

জানা যায়- অপহরণের শিকার এক মেয়ের পরিবারের কাছে ফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আটককৃতরা। বিষয়টি ওই মেয়ের বাবা র‌্যাব-৯ কে জানায়। র‌্যাবের কথামতো মেয়ের বাবা বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা প্রদানে সম্মত হন। মঙ্গলবার বিকেলে টাকা পাঠানোর পর রায়হান ও লাহিন সিটি লিংক হোটেলের ম্যানেজার শওকত জুয়েলকে টাকা সংগ্রহের জন্য পাঠায়। এসময় ওঁতপেতে থাকা র‌্যাব সদস্যরা জুয়েলকে আটক করেন। পরে জুয়েল মূল ঘটনার হোতা রায়হান ও লাহিনের কথা র‌্যাবকে অবগত করলে কৌশলে ওই দুজনকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে আসার পর র‌্যাব তাদেরকে একটি মোটরসাইকেলসহ আটক করে।

হোটেল ম্যানেজার জুয়েল জানান- রায়হান ও লাহিন আজ সকালে তারা সাংবাদিক পরিচয়ে হোটেলের কক্ষ ভাড়া নিয়েছিলেন।

আটকের পর তাদের ব্যবহৃত সিটি লিংক হোটেলের ১১১ নম্বর কক্ষ থেকে কয়েকটি পত্রিকার ভুয়া পরিচয়পত্র উদ্ধার করে র‌্যাব।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.