Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল কোদালিছড়া স্বেচ্ছাশ্রমে খনন ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা।

বুধবার (১০ জানুয়ারি) মৌলভীবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল  কোদালিছড়া কিন্তু  দিনে দিনে এই খালটি ভরাট ও সংকুচিত হয়ে পানি প্রবাহ কমে আসছে। শহরের পানি নিষ্কাশন ঠিক মত না হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে।

এ অবস্থায় আগামী ১০ ফেব্রুয়ারি শহরবাসীর অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমে কোদালিছড়া খনন ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে মৌলভীবাজার পৌরসভার মেয়র সহ জনপ্রতিনিধি সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলীগণ এবং সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র ফজলুর রহমান জানান, আগামী ১০ ফেব্রুয়ারি স্বেচ্ছাশ্রমে কোদালিছড়া খনন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এতে শহরের সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেরসকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

সভায় সিদ্ধান্ত মতে আগামী ৮ ফেব্রুয়ারি একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৩০ জানুয়ারি আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

সভা থেকে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের জন্য আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য আগামী ২৫ জানুয়ারির মধ্যে সমন্বয়কারী অতিরিক্ত জেল প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন এবং বিটিভি'র জেলা প্রতিনিধি হাসানাত কামালের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.