Sylhet Today 24 PRINT

আধুনিক হচ্ছে সিলেট-তামাবিল মহাসড়ক, কমছে জনদুর্ভোগ

একনেকে ১৯০ কোটি টাকার প্রকল্প ছাড়

মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট থেকে |  ১১ জানুয়ারী, ২০১৮

নতুন রূপে ঢেলে সাজানো হচ্ছে সিলেট-তামাবিল মহাসড়ককে। সরকারের গৃহীত এ পদক্ষেপের ফলে বদলে যাচ্ছে সড়কটির মেরামত কাজও। ভারত হয়ে সেভেন সিস্টার, তামাবিল স্থল বন্দরসহ সারা দেশের সাথে সহজতর সড়ক যোগাযোগের মাধ্যম সিলেটের তামাবিল সড়কের উন্নয়নে সরকার স্থায়ী ও দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ করে উদ্যোগ নেয়ায় এর ফলও পাওয়া যাবে আশানরুপ।

ভঙ্গুর, খানাখন্দে ভরা সড়কটির স্থায়ী সংস্কারে আর সি সি ঢালাই, রি কনষ্ট্রাকশন, স্ট্যান্ডিং সার্ভিসিং ওয়ার্ক, ১টি টোল প্লাজাসহ নতুন রূপে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হইতে জাফলং পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক মেরামতের লক্ষে জাতীয় অর্থ পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ০৯ জানুয়ারি মঙ্গলবার পাস হওয়া ১৩টি প্রকল্পের মধ্যে এই সড়ক মেরামতে ১৯০ কোটি টাকার প্রকল্পের অনুমোদনও মিলেছে।

এদিকে সড়ক ও জনপদ (সওজ) ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে জানা যায় টেন্ডারের পর প্রকল্পের অর্থ ছাড় শুরু হলে অচিরেই এ প্রকল্পের কাজ শুরু হবে। আগামী ২ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে।

এ ব্যাপারে কথা হলে সিলেটের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী উৎপল শামন্ত জানান, সিলেট-তামাবিল মহাসড়ককে সংস্কার ও আধুনিকায়নে ১৯০ কোটি টাকা ব্যয়ে সরকার উদ্যোগ নিয়ে প্রকল্প গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হইতে জাফলং পর্যন্ত সড়কের মধ্যে ৪ কিলোমিটার আর সি সি ঢালাই, ৪কিলোমিটার রিকনষ্ট্রাকশন, ৯কিলোমিটার স্ট্যান্ডিং সার্ভিসিং ওয়ার্কসহ ১টি টোল প্লাজা নির্মাণ করা হবে। টেন্ডার হওয়ার পর অচিরেই এ প্রকল্পের কাজ শুর হবে তিনি জানান।

নতুন প্রকল্পের মাধ্যমে সিলেট-তামাবিল মহাসড়ককে ঢেলে সাজানোর ফলে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা এগিয়ে যাওয়াসহ আর্থসামাজিক উন্নয়নে আরও গতি সঞ্চার হবে এমন মনোভাব জানিয়েছেন এলাকাবাসী।

পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক জানান, আওয়ামীলীগ জনবান্ধব। জনগণের জন্য কাজ করেন আমাদের প্রধানমন্ত্রীও। আমার নেতা স্থানীয় সাংসদ জননেতা ইমরান আহমদ আমাদের উত্তর সিলেট উন্নয়নের বাতিঘর। তার মতো নেতা থাকায়ই আজ হাইপ্রোফাইল উন্নয়ন প্রকল্প সিলেট-ভোলাগঞ্জ আধুনিক সড়ক, দেশের প্রথম আইসিটি পার্ক, জাফলং ব্রিজ, তামাবিল স্থল বন্দর আধুনিকায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, নতুন নতুন স্কুল ও একাডেমিক ভবন নির্মাণ, সিলেট-তামাবিল মহাসড়ক আধুনিকায়নের মতো দৃষ্টি নন্দন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। আসন্ন নির্বাচনে এসব উন্নয়ন প্রকল্প আমাদের প্রতীক নৌকা মার্কা তথা ইমরান আহমদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় বিশ্বাসী।

জাফলং বল্লাঘাট পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন আহমদ জানান, এই সড়ক মেরামতের কাজ সম্পন্ন হলে জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের দুর্ভোগ লাগব হবে, পর্যটকদের আনাগোনাও আরো বহুগুণ বাড়বে। প্রকল্প বাস্তবায়ন হলে এ ক্ষেত্রে সুফল আসবে, পাশাপাশি জনগণের কাছে বর্তমান সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক জানান, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামোতগ উন্নয়নে গোয়াইনঘাটকে সিলেটসহ সারা দেশের সাথে কানেক্টিভ করেছেন বর্তমান সাংসদ ইমরান আহমদ। তার মাধ্যমে সিলেট-কোম্পানিগঞ্জ সড়ক আধুনিকায়ন, দেশের প্রথম হাইটেক পার্ক, নতুন নতুন অগণিত বিদ্যালয় স্থাপন, একাডেমিক ভবন তৈরি করে শিক্ষা কার্যক্রমকে বেগবান করা, ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবস্থা, জাফলং ব্রিজ, তামাবিল মহাসড়ক উন্নয়নে নতুন প্রকল্প।

এসব প্রকল্পের ধারা একখণ্ড সীমান্ত জনপদ বহুদূর এগিয়ে গেলো। গৃহীত এইসব উন্নয়নের মাধ্যমে উত্তর সিলেট তথা সিলেট-৪ আসনে বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনার নবদ্বারও ব্যাপকহারে উন্মোচিত হচ্ছে। সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হৃদ্যতাপুর্ন সম্পর্ক থাকার কারণে এসব প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ। জনগণের তরে কাজ করায় আমি গোয়াইনঘাটবাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ তাকে অভিনন্দন জানাই।

এব্যাপারে কথা হলে স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ জানান, আমার ভরসা জনগণ। জনগণ আমাকে তাদের সেবার দায়িত্ব দিয়েছে। আমি সব সময়ই চেষ্টা করি তাদের দোরগোড়ায় থেকে তাদের কল্যাণে কাজ করার।আমি যাই করি জনগণের জন্য করি। আজকের দৃশ্যমান যত প্রকল্প বাস্তবায়ন করেছি তা জনগণের সর্বাত্মক সহযোগিতা আর দোয়ায় করতে পেরেছি।

তিনি আরো বলেন, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামোতগ উন্নয়নে গোয়াইনঘাটকে সিলেটসহ সারা দেশের সাথে যোগাযোগ স্থাপন করার ব্যবস্থা করেছি। সিলেট-কোম্পানিগঞ্জ সড়ক আধুনিকায়ন, দেশের প্রথম হাইটেক পার্ক, তামাবিল স্থল বন্দর আধুনিকায়ন, নতুন নতুন বিদ্যালয় স্থাপন, একাডেমিক ভবন তৈরী করে শিক্ষা পরিবেশ এবং সার্বিক কার্যক্রমকে গতিশীল রাখা, ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ ব্যবস্থা, জাফলং ব্রিজ, জনদুর্ভোগ লাগবে তামাবিল মহাসড়ক উন্নয়নে নতুন প্রকল্প নিয়েছি।

একটি অর্থনৈতিক অঞ্চলও (জোন) গড়ে তোলা হচ্ছে। জনগণ পাশে থাকলে ভবিষ্যতেও তাদের জন্য আমি কাজ করে যাবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.