Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ডাকাতের গুলিতে ২ জন আহত, ২০ ভরি স্বর্ন লুট

ওসমানীনগর প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৮

সিলেটের ওসমানীনগরে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের গুলিতে দুইজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার উছমানপুর গ্রামের হাফিজ সৈয়দ শাহজাহান মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল সৈয়দ শাহজান মিয়ার বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে লুণ্ঠন চালায়। এ সময় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ৩৫ হাজার টাকা লুটে নেয় তারা। ডাকাত প্রবেশের খবর পেয়ে গ্রামের লোকজন ঘেরাও করতে চাইলে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে। গুলিতে গ্রামের সুরত আলীর ছেলে সায়েক আহমদ ও মফিজ উল্লার ছেলে আরিফ মিয়া আহত হন। স্থানীয় একটি ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসমানীনগর থানার ওসি মো. সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে চুরি-ডাকাতিসহ অপরাধ রোধে সম্প্রতি সতর্কবার্তা জারি করে ৬টি পরামর্শ দিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.