Sylhet Today 24 PRINT

মাওলানা সাদকে ঠেকাতে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০১৮

মুসলিম বিশ্বের ২য় বৃহত্তর ধর্মীয় জমায়েত টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে দিল্লীর মাওলানা সাদ কান্দলভীর বাংলাদেশ আসার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে সিলেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেটের কওমি আলেম উলামা ও তবলীগের সাথীগণ। এসময় বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র শিক্ষকরা মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাওলানা সাদ যে বক্তব্য দিয়েছেন তা কোরআন সুন্নাহ বিরোধী। তাই আমরা কোন অবস্থাতে তাকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে দেবনা। অবিলম্বে তাকে ফেরত পাঠাতে হবে।

বক্তারা আরও বলেন, আমরা অত্যন্ত ভারাকান্ত্র হৃদয়ে প্রতিবাদ সভা করতে যাচ্ছি। মাওলানা সাদ দেওবন্দ ও বাংলাদেশের শীর্ষ আলিম ও তবলীগের সাথীদের অমান্য করে বাংলাদেশে আগমন অত্যন্ত দুঃখজনক। যারা তাকে এদেশে আগমনের সুযোগ করে দিচ্ছে তারা তবলীগ ও আলেম উলামা বিরোধী। মাওলানা সাদকে অবিলম্বে শীর্ষ আলেম উলামাদের কাছে তার অপকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় দেশের আলেম উলামা সহ সকল দীনদার মুসল্লিদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। তাকে প্রতিহত করা সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব।

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে  উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী। জামেয়া ভার্থখলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস এর পরিচালনায় বক্তব্য রাখেন জামেয়া ফরিদাবাদ সিলেটের পরিচালক হাফিজ ফখরুয্যামান, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার প্রতিনিধি মাওলানা মাসরুর আহমদ, দরগাহ মাদ্রাসার প্রতিনিধি মাওলানা আজিজুর রহমান, সুবহানীঘাট মাদ্রাসার প্রতিনিধি মাওলানা আহমদ সগির, ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক মাওলানা লোকমান হাকিম, দারুস সালাম মাদ্রাসার প্রতিনিধি মাওলানা উমায়েদ আহমদ, জামেয়া দারুল হুদা মাদ্রাসার প্রতিনিধি মাওলানা কামাল উদ্দিন, শিবগঞ্জ মাদ্রাসার প্রতিনিধি মাওলানা রুহুল আমিন, মাদানি কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা সালিক আহমদ, হাফিজ কবির আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.