Sylhet Today 24 PRINT

তানিম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

এমসি কলেজ প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৮

সিলেট সরকারী কলেজ ছাত্রলীগকর্মী তানিম খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের একাংশের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এমসি ও সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের রণজিৎ গ্রুপ অনুসারীদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম, মওদুদ আহমদ আকাশ, কনক পাল অরূপ, শামীম আলী, রাসেল আহমদ, সৌরভ দাস প্রমুখ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা গত চার মাসে টিলাগড়ে তানিমসহ খুন হওয়া তিন ছাত্রলীগকর্মী হত্যার সুষ্ঠ তদন্ত এবং অবিলম্বে হত্যাকারী দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনের বেশিরভাগ সময়ই তানিম হত্যার প্রতিবাদ জানাতে আসা ছাত্রলীগ কর্মীরা মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমানের বিরুদ্ধে শ্লোগান দেন।

গত ৭ জানুয়ারি টিলাগড়ে অতর্কিত সন্ত্রাসী হামলায় খুন হন ছাত্রলীগকর্মী তানিম খান। তানিম হত্যার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে টানা দু'দিনের ছাত্র ধর্মঘট স্থগিত শেষে ঘোষণা করা তিনদিনের কর্মসূচীর শেষ দিনে শুক্রবার বাদ জুম্মা শাহজালাল (র) মাজার মসজিদে তানিমের বিদেহী আত্মার মাগফেরাত দো'আ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.