সিলেটটুডে ডেস্ক | ০৮ জুন, ২০১৫
সিলেট নগরের দক্ষিণ সুরমায় বাবুর ছড়া খাল উদ্ধার অভিযান চলছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও কর্পোরেশনের নিস্বস এস্কেবেটর দিয়ে বাবুর ছড়ায় অবৈধস্থাপনা উচ্ছেদ কাজ দ্রুত গতিতে চলছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবাবী জানান, ‘অবৈধভাবে বাবুর ছড়া দখলের কারণে সিটি কর্পোরেশনের ২৫, ২৬, ২৭ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসায়ও বৃষ্টির পানি জমাট হয়। যার কারণে স্থানীয় এলাকাবাসী বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
সম্প্রতি এলাকাবাসী ছড়াটি উদ্ধার ও খননের জন্য কর্পোরেশনে আবেদন করেন। এলাকাবাসীর বিষয়টি চিন্তাকরে বাবুর ছড়া খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খননের উদ্বোগ গ্রহণ করে সিসিক। এ খনন ও উদ্ধার কাজে এলাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন জানিয়ে তিনি বলেন, এখনও ওইকাজটি কোনো নির্দিষ্ট প্রকল্পের আওতায় যায়নি। তবে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা খননে ব্যয় হতে পারে।
পরবর্তীতে কোনো প্রকল্পের আওতায় ড্রেনেজ ব্যবস্থার উদ্বোগ নিলে প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা ব্যয় হবে। তিনি বলেন, খননকাজে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন ও সিসিকের কর্মকর্তারা সার্বক্ষণিক দেখাশুনায় রয়েছেন।’
২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিব বকস্ লিপন বলেন, ‘গত ৩১ মে থেকে ছড়া উদ্ধার কাজ শুরু হয়। কাজটি যাতে মান সম্পন্ন হয় সেজন্য সার্বক্ষণিক কাজটি তদারকি করছি। এই কাজ বাস্তবায়ন হওয়ার পর এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৫০ ভাগ লোক জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছেন। ওই ছড়া উদ্ধার ও খনন সিটি কর্পোরেশনের একটি যুগান্তকারী প্রদক্ষেপ।’