Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চা শ্রমিক খুন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জের দেওড়াছড়া চা-বাগানে এক চা-শ্রমিক আরেক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, হতাহতের সময়ে দুজনই নেশাগ্রস্ত ছিলেন।

রোববার সন্ধ্যা সোয়া সাতটায় রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানের বাজার লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, পৌষ-সংক্রান্তি উপলক্ষে চা-শ্রমিক বসতিগুলোয় পূজা অর্চনা হয়। প্রতিটি বাড়িতেই নানা ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়। চা-বাগানের বাজার লাইন এলাকার মৃত গঞ্জু উড়াংয়ের ছেলে চা-শ্রমিক মানিক লাল উড়াংয়ের (২৫) ঘরে তার সাথি একই এলাকার মৃত পীর মুড় উড়াংয়ের ছেলে চা-শ্রমিক বাবুল উড়াং (২৪) নেশা করেন। নেশাগ্রস্ত অবস্থায় মানিক লাল উড়াং আর বাবুল উড়াং ধারালো দা দিয়ে একে অন্যকে কোপাতে থাকেন। ফলে ঘটনাস্থলেই মানিক লাল উড়াং নিহত হন। বাবুল উড়াং গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে চা-শ্রমিকেরা বাবুল উড়াংকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। ঘটনাটি কমলগঞ্জ থানাকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে নিহত মানিক লাল উড়াংয়ের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।

ওসি মো. মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত বাবুল উড়াংয়ের অবস্থাও আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.