মৌলভীবাজার প্রতিনিধি | ১৬ জানুয়ারী, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলায় মোবাইল ফোনে জুয়া খেলতে বাঁধা দেওয়ায় জুয়ারিদের হামলায় বাজার কমিটির সদস্যসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। এই এলাকায় মোবাইল ফোনের বিভিন্ন গেমসের মাধ্যমে চলছে রমরমা জুয়া যার বেশীরভাগই কিশোর-যুবক।
রোববার (১৪ জানুয়ারি) নইনারপার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার নইনারপার বাজার বনিক সমিতি কর্তৃক কিছুদিন পূর্বে মাইকিং করে বাজারে সব ধরনের জুয়া খেলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। রোববার রাতে নইনারপার বাজার এলাকায় দেলোয়ার ও রনি মিয়া নামের দুই জুয়ারি মোবাইল ফোনে (লুডু গেইমস) লুডু দিয়ে জুয়া খেলার সময় নইনারপাড় বাজার বনিক সমিতির সদস্য জালালপুর গ্রামের মৃত বরকত মিয়ার পুত্র আমজদ মিয়া (৪০) ও আইনুদ্দিন (২২) তাদেরকে লুডু দিয়ে জুয়া খেলতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এই জুয়ারিরা তাদের উপর ছুরি দিয়ে সশস্ত্র হামলা চালায়।
হামলায় আমজদ মিয়া ও আইনুদ্দিন গুরুতর আহত হলে তাদেরকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আমজদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য বশির বক্স জানান, আমি ঘটনাটি শুনেছি লুডু খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায় দেলোয়ার বেকারির মধ্যে থাকা ছুরি দিয়ে আমজাদের উপর হামলা করে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।