Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে আগ্রহ নেই প্রার্থীদের

৪ ওয়ার্ডে ৩টি মনোনয়নপত্র জমা, ২ ওয়ার্ডে প্রার্থী নেই

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ |  ১৭ জানুয়ারী, ২০১৮

উপজেলা সংরক্ষিত নারী সদস্য নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জের ৪টি ওয়ার্ডের মধ্যে মনোনয়নপত্র জমা পড়েছে মাত্র ৩টি।

এরমধ্যে ২নং ওয়ার্ডে অমিতা খানম, ৩নং ওয়ার্ডে পারভীন আক্তার ও রেবিনা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ ও ৪ নং ওয়ার্ডে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন নি।

সোমবার (১৫ জানুয়ারি) উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার সাইদুর রহমানের বরাবরে তারা এ মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ পৌরসভা, বাঘা ও সদর ইউনিয়ন, ২নং ওয়ার্ডের ফুলবাড়ি, লক্ষীপাশা ও লক্ষণাবন্দ ইউনিয়ন, ৩নং ওয়ার্ডের ঢাকাদক্ষিণ, পশ্চিম আমুড়া ও বুধবারী বাজার ইউনিয়ন এবং ৪নং ওয়ার্ডেও ভাদেশ্বর, বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়ন রয়েছে।

এব্যাপারে উপজেলা রিটার্নিং অফিসার সাইদুর রহমান জানান, এ নির্বাচনে প্রার্থীদের কোন আগ্রহ দেখা যাচ্ছেনা। তিনি বলেন, অনেক প্রচারণার পরও সবক’টি ওয়ার্ডে প্রার্থী পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের এ নির্বাচনের বিষয়টি অবগত করা হয়।

জানা গেছে, উপজেলার মহিলা আসনের সদস্য নির্বাচন সম্পর্কে অনেকের কোন ধারণাই নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এ নির্বাচনকে ঘিরে নেই কোন উৎসবের আমেজ। এ নির্বাচনে শুধুমাত্র মহিলা জনপ্রতিনিধি ভোটার হলেও অনেকেই এ বিষয়ে অবগত নয়। নির্বাচনকে ঘিরে প্রার্থীদেরও নেই কোন প্রচারণা।

উল্লেখ, গত ৯ জানুয়ারি উপজেলা পরিষদের প্রায় শেষ সময়ে প্রথমবারের মতো উপজেলা পরিষদের উপ নির্বাচনের সংরক্ষিত নারী সদস্যার শূন্য আসনে তফসিল ঘোষণা করে সিলেট জেলা নির্বাচন অফিস। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার (১৫ জানুয়ারি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হয়। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২২ জানুয়ারি। আগামী ২৯ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, বিগত ২০১৪ সালে কয়েকটি ধাপে দেশের অন্যান্য উপজেলাগুলোর সাথে জেলার ১২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর ১৯ ফেব্রুয়ারি প্রথম দফা উপজেলা নির্বাচনে গোলাপগঞ্জসহ সিলেট জেলার ৬টি উপজেলায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩(৩) অনুযায়ী নির্বাচন কমিশন উপজেলা সমূহের সংরক্ষিত নারী সদস্য পদের শূন্য আসনে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক জারি করা গত ৮ জানুয়ারির স্মারক নির্দেশনা মতে উক্ত নির্বাচনের তফসিলের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.