Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ভাসুর আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বগাডুবি গ্রামে লিমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিমার ভাসুর রফিক মিয়াকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি লিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরদিকে স্বামীর পরিবারের দাবি লিমা আক্তার পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছেন।

লিমার পারিবারিক সূত্র জানায়- বগাডুবি গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে লিমা আক্তার (১৮) প্রায় বছরখানেক আগে আমুরোড উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নকালে প্রতিবেশী সফিক মিয়াকে (২৫) ভালবেসে বিয়ে করে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই চলছিল। ইদানিং স্বামী সফিক যৌতুকের জন্য লিমার উপর নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করেও লিমা সংসার করতে থাকে। গত শনিবার সন্ধ্যায় ফোনে লিমা তার মা খুশবানুকে জানায়, তাকে সফিক মারপিট করে ঘরে বন্দী করে রেখেছে এবং খেতে দিচ্ছে না। এ খবর শুনে লিমার মা খুশবানু অন্যান্য আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে তাকে দেখার জন্য সফিকের বাড়িতে যান। এ সময় সফিক মিয়া তাদের গালমন্দ করে তাড়িয়ে দেন। রোববার বিকেলে তাদের কাছে খবর দেয়া হয় লিমা বিষ খেয়েছে। তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখানে ছুটে গিয়ে না পেয়ে লিমার স্বজনরা রাতে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে গিয়ে লিমার মৃতদেহ দেখতে পান। এসময় লিমার স্বামী সফিক মিয়া হাসপাতালের বারান্দায় লাশ রেখে পালিয়ে যান। অপরদিকে পালিয়ে যাওয়ার সময় লিমার স্বজনরা সফিকের বড় ভাই রফিক মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

হাসপাতালে লিমার মা খুশবানু দাবি করেন- তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এদিকে আটককৃত রফিক জানান, তার ভাই সফিক মিয়া তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই লিমাকে মারপিট করতো। এতে সে বাঁধা দিত। রোববার সন্ধ্যায় লিমা বিষপান করে ছটফট করতে থাকলে তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এসআই ওয়াহেদ গাজী জানান, নিহত লিমার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কিভাবে লিমা মারা গেছেন। তবে স্বামীর আত্মগোপন থেকে তাদের সন্দেহ এটি হত্যাকান্ড হতে পারে। সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.