Sylhet Today 24 PRINT

সিলেটে অবৈধ বিলবোর্ড অপসারণে নেমেছে সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৫

সিলেট নগরীর অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। রোববার রাত ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ স্কোয়ার থেকে এই অভিযান শুরু করা হয়। অভিযানকালে হুমায়ুন রশীদ স্কোয়ারে অবস্থিত ১৮০০ (আঠারো শত) স্কয়ার ফুটের একটি বিশালাকার বিলবোর্ড অপসারণ করা হয়। সিটি কর্পোরেশনের নিজস্ব কর্মীরা এই বিলবোর্ড অপসারণ কাজে অংশ নেয়।

রাতব্যাপী অভিযানকালে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এনামুল হাবীব জানান, ‘সিটি কর্পোরেশন এলাকায় যেসব অবৈধ বিলবোর্ড রয়েছে, তার একটি তালিকা ইতোমধ্যে তৈরী করা হয়েছে। এসব বিলবোর্ড চিহ্নিত করেই অভিযান শুরু করা হয়েছে।’

প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব আরও জানান, ‘বিলবোর্ড অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল করার স্বার্থে শিগগিরই একটি আলাদা ইউনিট করা হবে। এই ইউনিট অবৈধ বিলবোর্ড অপসারণে সার্বক্ষনিক কাজ করবে।’ অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ সার্বিক সহযোগিতার করায় তাদেরকেও ধন্যবাদ জানান এনামুল হাবীব।

অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, ‘যাদের অবৈধ বিলবোর্ড রয়েছে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।’ যানবাহন চলাচল এবং নিরাপত্তার স্বার্থে ব্যস্ততম জায়গাগুলোতে দিনের বেলার পরিবর্তে রাতে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।     

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব রেজাই রাফিন সরকার, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিরর তৌফিক বকস, চীফ কনজারভেন্সী অফিসার মো. হানিফুর রহমান, কর কর্মকর্তা হেলাল উদ্দিন, দৈনিক সিলেটের ডাক এর ডেপুটি চীফ রিপোর্টার এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন, সিটি কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী তানভীর আহমদসহ আরও অনেকে।  

ব্যাটারী চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান অব্যাহত
সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে অবৈধ ব্যাটারী চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সোমবারও (৮ জুন) সিলেট নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। বেলা ২ টায় নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা, উপ সহকারী প্রকৌশলী তানভীর আহমদসহ সিটি কর্পোরেশনের সংশ্লিস্ট কর্মকর্তা কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানকালে মোট ৮টি বিক্সার ৩২টি ব্যাটারী জব্দ করা হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.