Sylhet Today 24 PRINT

বড়লেখায় ফিল্মী স্টাইলে ৪ লাখ টাকা ছিনতাই

বড়লেখা প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর স্ত্রী সোমবার ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ফিল্মী স্টাইলে মোটর সাইকেল আরোহী ছিনতাইকারীরা সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার মনিয়া আক্তারের অভিযোগ ছিনতাইয়ের সাথে অটোরিকশা চালকের সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।  

জানা গেছে, উপজেলার উত্তর বর্নি গ্রামের দুবাই প্রবাসী তরমুজ আলীর স্ত্রী মনিয়া বেগম সোমবার দুপুরে বড়লেখা পৌরশহরের ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক হতে ৩ লাখ ৮ হাজার টাকা উত্তোলন করেন। সাথে থাকা টাকাসহ সর্বমোট ৪ লাখ টাকা ছেলেকে বিদেশ পাঠানোর ভিসা বাবত জনৈক ব্যক্তিকে দিতে সোনালী ব্যাংকের সম্মুখ থেকে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পৌরশহর থেকেই চালক ওসমান ফোনে কথা বলা শুরু করে।

বড়লেখা-চান্দগ্রাম সড়কের মাইজগ্রাম নামক সড়কের পাশে যাওয়া মাত্র দুই মোটর সাইকেল আরোহী অটোরিকশার গতিরোধ করে মনিয়া বেগমের টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়।
মনিয়া বেগম অভিযোগ করেন ছিনতাইকারীদের সাথে অটোরিকশা চালক ওসমানের সম্পৃক্ততা রয়েছে। এজন্য সে অটোরিকশা ধীরে চালাচ্ছিল।  বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং মামলার প্রস্তুতি চলছে।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.