নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারী, ২০১৮
সিলেট নগরীর শিবগঞ্জে দুর্ঘটনার শিকার হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়ি। এতে আহত হয়েছেন ৯ জন। তবে দুর্ঘটনার সময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না।
শুক্রবার দুপুর দুইটার দিকে শিবগঞ্জ সোনারপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো ৫/৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে।
অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জাবেদ সিরাজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে অর্থমন্ত্রী সেনপাড়া মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে অর্থমন্ত্রীর মসজিদ থেকে বেরোনোর আগমূর্হর্তে গাড়ি মসিজদের পাশে নিয়ে আসার সময় ব্রেকফেলের ঘটনা ঘটে। এতে গাড়ির সাথে ধাক্কা লেকে কয়েকজন আহত হন। আহতরাও ওই মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবিরও রয়েছেন।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দুর্ঘটনায় ৯ জন আহতের বিষয়টি নিশ্চিত করলেও আহতদের নাম জানাতে পারেননি।
বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী। এসময় আহতদর যথাযথ চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।