Sylhet Today 24 PRINT

ছুটির দিনে সিলেটে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৮

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৯ জানুয়ারি) ক্রেতা ও দর্শনার্থীর ঢল নেমেছে সিলেটের শাহী ঈদগাহ খেলার মাঠে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। গত কিছুদিনের শীতের তীব্রতা কমে আসায় এদিন দুপুরের পর থেকেই মেলায় দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।

বেলা গড়ানোর সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে। প্রবেশমুখে তৈরি হয় মানুষের দীর্ঘ সারি। মেলার বাইরের প্রাঙ্গণও হয়ে ওঠে লোকারণ্য। দুপুরের পর থেকেই মেলার সামনের রাস্তাসহ আরামবাগ থেকে শাহী ঈদগাহ পর্যন্ত দীর্ঘ সময় লেগে ছিলো যানজট। আর মেলার ভেতরে ছিলো বিপুল লোক সমাগম।

মেলায় বিভিন্ন স্টলের দায়িত্বে থাকা বিক্রেতারা জানান, চলতি বছরের প্রথম দিনে মেলা শুরু হলেও শুরুর পর অনেকদিন বেচাকেনা ভালো ছিলো না। তবে যতো দিন যাচ্ছে ততোই বিক্রি বাড়ছে। বিশেষ করে আজ (শুক্রবার) মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কয়েকগুন বেড়েছে। সেই সাথে বেড়েছে বেচাকেনাও।

মেলায় অনেকেই এসেছেন সপরিবারে, আবার কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে বা একা। মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা জানান, আজ শীত কম ও ছুটির দিন হওয়ায় তারা মেলায় কেনাকাটা করতে এসেছেন।

মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আকর্ষন করতে ব্যবসায়ীরা নানা রকম অফার দিচ্ছেন। বিরাট মূল্যছাড়, তিনটি কিনলে একটি ফ্রি- এমন অনেক লোভনীয় অফার পেয়ে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারাও।

মেলায় বিভিন্ন কোম্পানির বিক্রয়কর্মীরা জানান, প্রতিবছরই মেলা উপলক্ষ্যে সব ধরণের পণ্যে বিশেষ ছাড় দেয়া হয়। অনেকেই পণ্য কিনছেন, কেউ কেউ শুধু দেখছেন।

দক্ষিণ সুরমা থেকে মেলায় আসা শিক্ষার্থী নাঈমুল ইসলাম জানান, ছুটির দিনে ঘুরতে এলাম। মেলায় পণ্যে ছাড় পাওয়া যায়। কিছু কেনাকাটাও করবো। আসলে মেলায় আসা একটা আনন্দের বিষয়।

ক্রেতা-বিক্রেতার সাথে আলাপ করে জানা যায়, মেলায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গৃহস্থালি পণ্যের। বিশেষ করে প্লাস্টিকের তৈরি পণ্য বেশি কিনছেন ক্রেতারা। এমন পণ্যের স্টলে ক্রেতাদের ভিড় বেশি। পোশাক ও গহণার চাহিদাও আছে অনেক।

এবারের মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পণ্যের প্যাভিলিয়ন রয়েছে। আগতদের নিরাপত্তায় রয়েছে র‍্যাব ও পুলিশের বিশেষ সেবা কেন্দ্র।



 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.