সিলেটটুডে ডেস্ক | ১৯ জানুয়ারী, ২০১৮
অবিলম্বে সকল হাওররক্ষা বাঁধের কাজ শুরু করার দাবিতে শুক্রবার (১৯ জানুয়ারি) তাহিরপুরের টংগুয়ার হাওর ও শনির হাওর পাড়ে মানববন্ধন করেছেন হাওরবাসী।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত এসব মানববন্ধনে হাওরতীরবর্তী কয়েকটি গ্রামের শতশত মানুষ যোগ দেন। মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত আলোচনায় তারা নির্ধারিত সময়ের একমাস অতিক্রান্ত হলেও এখনো ৯০ ভাগ হাওররক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে সকল বাঁধের কাজ শুরু করার জন্য জোর দাবী জানান। মানববন্ধনে বেশ কয়েকজন বক্তা পিআইসি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, গতবছর হাওরে ফসলহানীর পর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ সুনামগঞ্জ সফর করেন। বছর জুড়ে হাওর আলোচনায় ছিল। আমরা হাওরবাসী আশা করেছিলাম, এবছর সময়মত ও সঠিকভাবে হাওররক্ষা বাঁধের কাজ হবে। কিন্তু এখনো ৯০ ভাগ বাঁধের কাজ শুরুই হয়নি। তাই সময়মত কাজ শেষ হওয়া নিয়ে আশংকা দেখা দিয়েছে।
তিনি বলেন, এটা সত্য এখনো অনেক হাওর থেকে পানি নামেনি। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। এক্সেভেটর মেশিন এর বাকেট দিয়ে কাদামাটি বাঁধের উপর দিলে তা পরে শক্ত হবে। প্রয়োজনে নৌকায় করে মাটি এনে বাঁধ দিতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু'র পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জয়নাল আবেদিন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ সাইদুল কিবরিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইবনুল সাঈদ রানা প্রমুখ।