নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারী, ২০১৮
সিলেটের বিভাগীয় বিতর্ক সংগঠন সিলেট ডিবেট ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে 'শাহ ফাউন্ডেশন-এসডিএফ ২য় বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৮'।
শুক্রবার (১৯ জানুয়ারি) নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল রাউন্ড। বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগের ১৬টি স্কুল, ১২টি কলেজ ও সকল বিশ্ববিদ্যালয়ের মোট ১২০ জন বিতার্কিক অংশগ্রহণ করছেন।
আগামীকাল শনিবার প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্টিত হবে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয়া হবে।
দুইদিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আছে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক শুভ প্রতিদিন। আর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে সমাজসেবী সংগঠন শাহ ফাউন্ডেশন।