নিজস্ব প্রতিবেদক | ০৮ জুন, ২০১৫
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় দুই ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত মুরাদ আহমদ (২৮) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের মেজরটিলা এলাকার আব্দুল লতিফের ছেলে ও ওয়ার্কশপের কর্মচারী বলে জানা গেছে।
সোমবার রাত ৯টায় নগরীর প্রবেশদ্বার হুমায়ন রশীদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি ট্রাকের পেছন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মুরাদ। এমন সময় দ্রুতগতির আরেকটি ট্রাক (চট্ট মেট্রো ট- ১৬-৪০৪২) তাকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সাথে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা জোনের সহকারি কমিশনার (এসি) নাসির আহমদ নিহতের সত্যতা নিশ্চিত করেন।