মৌলভীবাজার প্রতিনিধি | ২০ জানুয়ারী, ২০১৮
মৌলভীবাজারে জনতার হাতে আটক একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার পূর্ব মাতার কাপর এলাকায় একটি মেছো বাঘ লোকালয়ে চলে আসে। বাঘটি লোকালয়ে আসার খবর সারা গ্রামে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাঘকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাঘটি ক্লান্ত হয়ে পড়ে ও জনতার হাতে বন্দি হয়।
পরে স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত হওয়ার আগেই বাঘটি মারা যায়। স্থানীয়দের দাবি, ভয় পেয়ে মেছো বাঘটি হার্ট এটাকে মারা যেতে পারে।
এ বিষয়ে বন্য প্রাণী গবেষক তানিয়া রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। এখানে এসে জানতে পেরেছি, বাঘটি জনতার পিটুনিতে মারা গেছে।
বিভাগীয় বন কর্মকর্তা মিহির দে জানান, মেছো বাঘকে আঘাত না করলে মারা যাওয়ার কথা না। বন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখবেন।