Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে: মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০১৮

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। বিশ্বদরবারে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছি। নৌকায় ভোট দেয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর শেখ হাসিনাকে নৌকায় ভোট দেয়ায় বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পাবনার রুপপুরে আমরা বিশ্বের সর্বশেষ প্রযুক্তি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কাজ করছি। এধরনের প্রকল্প বিশ্বের বড় বড় ধনীদেশ বাস্তবায়ন করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে এখন বিশ্বের বড় দেশ অনুকরন করে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

তিনি শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও প্রবাসী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ রশিদ চৌধুরী, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগ সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।

এর আগে মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পাঁচতলাভিত বিশিষ্ট একতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.