Sylhet Today 24 PRINT

সাতছড়িতে পর্যটকের শ্লীলতাহানির চেষ্টা, ৩ জনের কারাদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৫

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে বেড়াতে আসা প্রাণ কোম্পানীর এক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে ১ বছর করে সশ্রম কারাদণ্ড ও এবং বেড়াতে নিযে আসা যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্টেট। দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের আলমগীর মিয়া (৩৫), আব্দুল হক (৩২) ও কবির মিয়া (২৫)।

সোমবার (৮ জুন) সকালে নির্বাহী ম্যাজিষ্টেট মো. মাশহুদুল কবীর এ রায় দেন এবং এরপর তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার লস্করপুর ইউনিয়নের জনৈক যুবতী রবিবার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের শাইলগাছ গ্রামের কবির মিয়ার সাথে সাতছড়িতে ঘুরতে যায়। জাতীয় উদ্যানের পুকুড়পাড় নামক স্থানে ঘুরতে গেলে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের হিরা মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৫) ও একই গ্রামের তার সহযোগী মৃত আব্দুল জাহিরের পুত্র আব্দুল হকসহ (৩২) ৫ যুবক নিজেদেরকে ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয় এবং হুমকি-ধামকি দিয়ে এক পর্যায়ে কবির মিয়া (২৫)কে বেধড়ক মারপিট করে ২/৩ জন তাকে ঝাপটে ধরে।

এ সুযোগে আলমগীর মিয়া ও আব্দুল হক ওই যুবতীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কবির মিয়া দৌড়ে বিষয়টি জাতীয় উদ্যানের সুপার ভাইজার আবুল হোসেন ও বিট কর্মকর্তা মাসুদ মোস্তফাকে জানালে তারা লোকজনকে নিয়ে আলমগীর ও আব্দুল হককে হাতেনাতে আটক করেন। পরে চুনারুঘাট থানায় খবর দিলে থানার দারোগা হরিদাস সরকার এর নেতৃত্বে একদল পুলিশ যুবতী ও ধর্ষণের চেষ্টাকারী দু’যুবককে থানায় নিয়ে আসে।

সোমবার তাদেরকে হাজির করা হয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে। সেখানে স্বাক্ষ্য প্রমাণ শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশহদুল কবীর শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর ও আব্দুল হককে ১ বছর করে সশ্রম ও কবির মিয়াকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.