Sylhet Today 24 PRINT

সিলেটে প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৮

সিলেট নগরের সোবহানীঘাটের একটি আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে হোটেল মেহেরপুরের একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, নিহত তরুণীর নাম রাখি পাল ও তরুণের নাম মিন্টু দেব।

তিনি জানান, তারা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলে। দু'জনের পরিবার এই প্রেম মেনে নেয় নি। তাই রোববার হোটেল কক্ষে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক মিন্টু আত্মহত্যা করেন।

রাখির বাড়ি জৈন্তাপুরে ও মিন্টুর বাড়ি জগন্নাথপুর বলে জানান তিনি। রাখি ব্র্যাক পরিচালিত স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।  রোববার সকালেই তারা স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন বলে জানান ওসি।

ওসি জানান, হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের তালা ভেঙে ঝুলন্ত অবস্থায় মিন্টু দেব আর বিছানার ওপর থেকে রুমি পালের লাশ উদ্ধার করা হয়। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার আব্দুল ওয়াদুদকে আটক করা হয়েছে।

তিনি বলেন,  রবিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে রুমি পাল ও মিন্টু দাস স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। ওই সময়ে হোটেলের দায়িত্বে ছিলেন ম্যানেজার আব্দুল ওয়াদুদ। তিনি তাদের কাছ থেকে কোনও ধরনের পরিচয়পত্র না রেখেই হোটেলের কক্ষটি ভাড়া দেন। তাই তাকে আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, নিহতদের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। ওই নোটের নামের সাথে হোটেল কক্ষ ভাড়া নেওয়া নামের মিল নেই। ফলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সুইসাইডাল নোটে আত্মহত্যার কথা লেখা রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর মেয়েকে সম্ভবত শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.