Sylhet Today 24 PRINT

‘সংসদ নির্বাচনে প্রায় সাড়ে ৫ লক্ষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে’

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নূরুল আলম, এনডিসি, পিএসসি, বলেছেন, আনসার ভিডিপি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা সজাগ দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ লক্ষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। সে মোতাবেক এ বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। তিনি মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে আনসার-ভিডিপি সদস্যসহ সাধারণ জনগণকে সজাগ থাকার আহবান জানান।

সোমবার (২২ জানুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ এর সমাবেশ-২০১৮-এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

নগরীর আখালিয়াস্থ সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মো. শফিকুল ইসলাম, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার বিজিবিএমএস কর্নেল জাবেদ সুলতান প্রমুখ।

আনসার-ভিডিপির অবসর প্রাপ্ত পরিচালক মো. আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাহিনীর অন্যান্য কর্মরত/অবসরপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন কমান্ডার, সার্কেল অ্যাডজুট্যান্ট ও আনসার-ভিডিপি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেঞ্জ পরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, রেঞ্জ উপ-পরিচালক সারোয়ার জাহান চৌধুরী।

সভায় সিলেট বিভাগীয় আনসার ভিডিপির পক্ষে প্রতিবেদন পেশ করেন ছাতক উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ফারুক আহমদ।

নেতৃবৃন্দ গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে এই বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

রেঞ্জ সমাবেশ উপলক্ষে আনসার-ভিডিপি জেলা কার্যালয় বর্ণিল সাজে সজ্জিত হয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের সাত শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.