Sylhet Today 24 PRINT

এমসি কলেজে ছাত্রলীগের বাধায় পণ্ড ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০১৮

সিলেট মুরারিচাঁদ কলেজ (এমসি) ক্যাম্পাসে ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও সমাবেশ।

ক্যাম্পাসের অবস্থানরত ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীর প্রস্তুতি নেয়ার সময় এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেইন, সৌরভ দাস, শামীম আহমদ, রাসেল এবং মুরাদের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল নেতাকর্মী ছাত্র ফ্রন্টের কর্মসূচী স্থলে আসে। এসময় ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল করা যাবে না বলে হুঁশিয়ারি করেন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন।

ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে কথা বলার এক পর্যায়ে ছাত্র ফ্রন্ট কর্মীদেরকে এলোপাথাড়িভাবে মারধর শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতাকর্মীরা কিল-ঘুষির পাশাপাশি বেল্ট ও বাঁশ দিয়ে কলেজ ছাত্রফ্রন্টের সদস্য সচিব আল আমিনসহ নিজেদের ১০-১২ জন কর্মীকে আহত করেছে বলে অভিযোগ করছে ছাত্র ফ্রন্ট।

কলেজ ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাদিয়া তাসনিম নওশীন বলেন, আমাদের পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে বাধা দেয়া অগণতান্ত্রিক আচরণের বহি:প্রকাশ। আমরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।

কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ‘ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে মিছিল দিতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয় বলে খবর পেয়েছি। কিন্তু কোন ধরনের মারামারি অথবা আহতের খবর শুনিনি।’ বর্তমানে পুলিশের একটি দল এমসি কলেজে অবস্থান করছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.