দিরাই প্রতিনিধি | ২৪ জানুয়ারী, ২০১৮
দিরাইয়ে জামায়াত শিবির চক্রের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের উপজেলা পরিষদ রোডের আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডের গোল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, আমাদের দিরাই শহর হচ্ছে রাজনৈতিক সম্প্রীতির শহর। আমাদের ওই শান্তির শহরের স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র তাদের প্রভুদের ইশারায় অশান্তি সৃষ্টি করতে চায়। সোমবার (২২ জানুয়ারি) বিতর্কিত জামায়াত কর্মী, প্রধানমন্ত্রীকে হুমকিদাতা জামায়াতের নাশকতা মামলার আসামি এমরান হোসেন গনধোলাইর শিকার হলে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু কুচক্রী মহলের প্ররোচনায় গণধোলাই খাওয়া এমরান তাদের নামসর্বস্ব একটি অনলাইন পত্রিকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার জননন্দিত মেয়র, যার নেতৃত্বে দিরাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সুসংগঠিত, যিনি আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ, আমাদের সেই প্রিয় নেতা মোশাররফ মিয়া ও তার পুত্র দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ২৪ ঘন্টার মধ্যে বিতর্কিত জামায়াত কর্মী এমরান ও শিবির কর্মী আবুল হোসেনকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা অসিম তালুকদার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, ছাত্রলীগ নেতা আল মামুন প্রমুখ।