Sylhet Today 24 PRINT

ছাতকে পথ আটকে ডাকাতি, ৩ লক্ষ টাকার মালামাল লুট

ছাতক প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই-বাংলাবাজার সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ছাতকগামী একটি মোটর সাইকেলের গতিরোধ ও আরোহীকে মারপিট করে মোটরসাইকেল, নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় লাফার্জ সংলগ্ন লিংক রোডে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের ব্যবসায়ী রাকিব আলী ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লাফার্জ সংলগ্ন লিংক রোডে ৯-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় রাকিব আলীকে হাত-পা বেঁধে মারধর করে অস্ত্রের মুখে তার ব্যবহৃত মোটরসাইকেল, সাথে থাকা নগদ ১ লক্ষ ২৫০ টাকা, দুটি মোবাইল সেট ও পরনের জ্যাকেট ছিনিয়ে নিয়ে যায়।

রাকিব আলী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের মৃত নুর মিয়ার পুত্র।

আহত রাকিব আলী জানান, ডাকাতরা তাকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে টেনে-হিঁচড়ে পাশের মাঠের কনভেয়ার বেল্টের নিচে নিয়ে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে আটকে রাখে। প্রথমে তার মোটরসাইকেলটি নিরাপদ স্থানে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার পর তার পকেটে থাকা নগদ ১ লক্ষ ২৫০ টাকা, দুটি মোবাইল সেট ও পরনের জ্যাকেট নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতরা। পরে তিনি লাফার্জের পেছনের গেটে আশ্রয় নিলে সেখানকার সিকিউরিটি গার্ডসহ স্থানীয় লোকজন তার স্বজনদের খবর দেয়। এক পর্যায়ে তার স্বজনরা এসে তাকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে যান।

রাতেই বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি মৌখিকভাবে অবগত করা হয়েছে। থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.