গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৪ জানুয়ারী, ২০১৮
গোলাপগঞ্জের ফুলবাড়িতে চুরি করে সরকারি গাছ কেটে বিক্রি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে লাগানো সরকারী গাছ ৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন কিসমত মাইজভাগ গ্রামের কলা মিয়ার পুত্র মাসুদুর রহমান মাসুদ। সোমবার (২২ জানুয়ারি) কোন অনুমতি ছাড়াই দিন-দুপুরে সরকারের খাস জায়গা থেকে গাছ কেটে বিক্রি করার চেষ্টাকালে প্রথমে এলাকাবাসী বাধা দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল গাছ কাটতে বাধা দিলেও এই প্রভাবশালী চক্র তার কথা শোনেনি। তাৎক্ষণিক চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামকে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করলে তার প্রমাণ পাওয়া যায়। এসময় কর্তনকৃত দুটি গাছ জব্দ করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল জানান, ঘটনার দিন সকালে এই চক্র গাছ কাটছে দেখে আমি তাদের কাছে গাছ কাটার অনুমতি সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলি। তখন তারা কিছু দেখাতে পারেনি। তাৎক্ষণিক আমি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।