নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারী, ২০১৮
সিলেট আদালতে প্রাঙ্গণে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের চিত্রগ্রাহক মামুন হাসান।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সিলেট আদালত প্রাঙ্গণে জৈন্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও তার অনুসারীদের দ্বারা হামলার শিকার হন তারা। এসময় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর পাথর কোয়ারিতে শ্রমিক মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি মামলার হাজিরা শেষে আদালতের নির্দেশে আসামী লিয়াকত আলী ও অন্যান্যদের কারাগারে প্রেরণ করার সময় এর ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করতে থাকেন নিরানন্দ পাল, মামুন হাসানসহ অন্যান্য সাংবাদিকরা।
এ সময় লিয়াকত আলী ও তার সহযোগীরা দায়িত্বপালনরত সাংবাদিকদের চড়াও হন এবং মারধর শুরু করেন। এসময় মাথায় মারাত্মক আঘাত পান নিরানন্দ পাল এবং আহত হন মামুন হাসান। এ সময় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান উপস্থিত সংবাদকর্মীরা।
দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরো অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক সংগ্রাম সিংহ জানান, পাথর কোয়ারির দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার মামালায় হাজিরা দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী আজ দুপুরে সিলেট আদালতে আসেন।
এ সময় আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় লিয়াকত আলী ও তার ক্যাডাররা সাংবাদিকদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আহত হন নিরানন্দ পাল ও মামুন হাসান। এছাড়া তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন সাংবাদিকদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।