Sylhet Today 24 PRINT

শ্রীপুর কোয়ারিতে সংঘর্ষ: হত্যা মামলায় লিয়াকত সহ ৩০ জন কারাগারে

আদালত প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০১৮

জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারিতে জমির দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ৩০ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

আজ (বৃহস্পতিবার) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল হায়দার আদালতে হাজির হওয়া ৩১ আসামীর মধ্যে ৩০ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, মামলার ৭৭ আসামীর মধ্যে লিয়াকত আলীসহ ৩৫ জন উচ্চ আদালত থেকে জামিন নেন, পরবর্তীতে আরো ২৮ জন আসামী জামিন নেয়।

বৃহস্পতিবার ৩১ জন আসামী আদালতে হাজিরা দিয়ে জামিনের সময়সীমা বৃদ্ধির আবেদন করলে আদালত ফয়েজ আহমদ বাবর নামে এক আসামীর জামিন মঞ্জুর করে বাকিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানান ওসি মাইনুল জাকির।

আদালতের সহকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, আদালত শ্রীপুর পাথর কোয়ারীতে সংঘর্ষ ও একজনের নিহতের ঘটনায় আদালত ৩০ জনকে কারাগারে প্রেরণ করেছে। তাদেরকে কারাগারে নেয়ার সময় তাদের সহকারীরা কর্মরত সাংবাদিকদের উপর হামলা চালায় বলেও জানান তিনি।

আদালত থেকে কারাগারে প্রেরণের সময় আসামীদের ভিডিও ও স্থিরচিত্র ধারণের সময় লিয়াকত আলী ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত হয়েছেন যমুনা টিভি সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও যুগান্তরের আলোকচিত্র সাংবাদিক মামুন হাসান।

আহত সাংবাদিকদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

গত ৩ ডিসেম্বর শ্রীপুর পাথর কোয়ারির জমি দখল নিয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসাইন আহমদ নামে একজন।

পরে ৬ ডিসেম্বর দুপুরে, নিহত হোসাইন আহমদের ভাই, দরবন্ত মোহাইল গ্রামের আমিন আহমদ বাদী হয়ে জৈন্তাপুর থানায় লিয়াকত আলীসহ ৭৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.