Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে প্রথমবারের মতো জেলা ইজতেমা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের সদর উপজেলার জগন্নাথপুরে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ফজরের নামাজের পর পরই আম বয়ানের মাধ্যমে শুরু হয় মৌলভীবাজার জেলায় প্রথমবারের মতো জেলা ইজতেমা। এ ইজতেমায় বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসে ইজতেমা মাঠে সমেবত হন।

মৌলভীবাজার জেলা তাবলিগ জামাতের শুরা সদস্য ও ইজতেমা মাঠের জিম্মাদার (আমির) মো. ময়নুল ইসলাম জানান, কাকরাইল মসজিদের মুরব্বি ও বিভিন্ন দেশ থেকে আসা মুরব্বিরা তিনদিন ব্যাপী এই মৌলভীবাজার জেলা ইজতেমায় বয়ান করবেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ইজতেমা ২৭ জানুয়ারি সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গণপূর্ত বিভাগের নির্মাণাধীন প্রকল্প এলাকায় ৬০ একর জায়গায় জেলা ইজতেমা মাঠে প্রায় তিন শতাধিক মানুষ বিগত দেড়মাস স্বেচ্ছাশ্রমে কাজ করে এ মাঠ প্রস্তুতি করেন। ইজতেমাকে সামনে রেখে সব প্রস্তুতি শেষ হয়েছে  মাঠে বিশাল প্যান্ডেল, মাঠ সংস্কার, মঞ্চ, ওজুর পানি, খাওয়া ও গোসলের পানি, স্যানিটেশন তৈরির সব কাজ শেষ হয়েছে মুসল্লি সহ স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে। ইজতেমার প্রবেশদ্বারে নির্মিত হয়েছে বিশাল অভ্যর্থনা গেট। এছাড়াও শহরের মোড়ে মোড়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি তোরণ।

ইজতেমা মাঠের দায়িত্বে থাকা পৌর কমিশনার আয়াছ আহমদ জানান,  ১৫শত মুসল্লির একসঙ্গে ওযুখানা ও গোসলখানা ব্যবস্থা রাখা হয়েছে , প্রায় ৬০০  টয়লেট, হাজারের উপরে প্রস্রাবখানা নির্মাণ করা হয়েছে। নিরবচ্ছিন্ন পানি সাপ্লাইয়ের জন্য ৮ টি ডিপ টিউবওয়েল এর পাশাপাশি পৌরসভার থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। ইজতেমার শৃঙ্খলার স্বার্থে পুলিশ ছাড়াও ৫শ’ স্বেচ্ছাসেবক মাঠের দায়িত্বে থাকবেন। মুসল্লিদের স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সব সময় প্রস্তুত আছে ফায়ার ব্রিগেডের এম্বুলেন্স সার্ভিস।

ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার সাথে মিল রেখে এখানেও বাংলায় আখেরি মোনাজাত হবে বলে জানান মাঠের এই জিম্মাদার মইনুল ইসলাম।

ময়মনসিংহ থেকে ইজতে মাঠে আসা মুসল্লি কবির হোসেন জানান, দীনের পথে চলতে মুরুব্বিদের উপদেশ নিতে এখানে এসেছি, তিনি জানান ১৫ আগে থেকে মাঠ সংস্কারের কাজে এসে যুক্ত হন। কিশোরগঞ্জ থেকে এসেছে আব্দুল বাতেন তিনি জানান, কাকরাইল মসজিদের মসজিদের মুরুব্বিরা উনাকে এখানে পাঠিয়েছেন।

আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইজতেমাকে নির্বিঘ্ন করতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। ইজতেমাকে নিরবচ্ছিন্ন ভাবে শেষ করতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এ ইজতেমায় ৫ লক্ষাধিক লোক সমাগম ঘটবে বলে ধারনা করছেন আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.