Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে হাওড়ে জেলে নিখোঁজ, উদ্ধারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ জুন, ২০১৫

সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতের পর থেকে হাওড়ের পানিতে পাকি বিশ্বাস (৩৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) সকাল ৬টার দিকে মুল্লিপুর হাওড়ে এ ঘটনা ঘটে। পাকি বিশ্বাস উপজেলার বাউর মুল্লিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে পেলন জাল (ঠেলা জাল) নিয়ে হাওড়ে মাছ ধরতে যান পাকি বিশ্বাস। এ সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়। এরপর থেকে তার সঙ্গে নেওয়া মাছ রাখার পাত্র ও জাল পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক বলেন, বজ্রপাতে মারা যাওয়ার পর লোকটি পানিতে তলিয়ে যেতে পারে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনেক খোঁজাখুজির পরও তার লাশ উদ্ধার করা যায়নি। 

খবর পেয়ে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বজ্রপাতে নিহত জেলের মরদেহ উদ্ধারে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.