Sylhet Today 24 PRINT

‘রেজাল্ট খারাপ হওয়ায়’ নিরুদ্দেশ হয়েছিলেন লিডিং ইউনিভার্সিটির সেই ছাত্র

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০১৮

চিঠি লিখে রেখে বাসা থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমাদ আহমেদ চৌধুরী (২৩)-এর সন্ধান মিলেছে। শুক্রবার কুমিল্লায় ইমাদের সন্ধান পায় পরিবার।

ইমাদ আহেমদ চৌধুরীর বড় ভাই জিল্লুর রহমান চৌধুরী তাঁর ছোটভাইয়ের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লায় আমাদের খালুর বাসা। বৃহস্পতিবার রাতে খালু কুমিল্লা স্টেশনে ট্রেনে ইমাদকে দেখতে পান। সকালে আমাদের খবর দিলে আমরা ইমাদকে নিতে কুমিল্লা আসি।

জিল্লুর বলেন, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় হতাশা থেকে ইমাদ বাড়ি থেকে পালিয়েছিলো। পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়টি সে আগে আমাদের জানায়নি।

ইমাদকে পাওয়ার কথা কতোয়ালি থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে জানিয়ে জিল্লুর রহমান চৌধুরী বলেন, সিলেটে আসার পর আমরা ইমাদকে নিয়ে থানায় যাবো। তারপর লিখিতভাবে বিষয়টি পুলিশকে অবহিত করবো।

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের (তৃতীয় বর্ষ) ছাত্র ইমাদ আহমেদ চৌধুরী বৃহস্পতিবার সকালে বাসা থেকে পালিয়ে যান। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে ইমাদের বাসায় পড়ার টেবিলে ওই চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা- ‘আমার যাওয়ার পেছনে কারও হাত নেই। সম্পূর্ণ নিজের চিন্তায় সিদ্ধান্ত নিয়েছি। কেউ কিছু বললে প্রমাণ স্বরূপ এই চিঠি দেখাবেন। আমি কোনও জঙ্গি দলে যোগ দিচ্ছি না, খারাপ কাজ বা খারাপ পথেও কোনোদিন চলবো না...!’

ইমাদ আহমেদ চৌধুরী সিলেট নগরীর দরগাহ মহল্লার পায়রা আবাসিক এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (নং-২০২১) করেছেন ইমাদের বড় ভাই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেটের পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী।

ইমাদের সন্ধান পাওয়ার বিষয়টি শুনেছেন বলে জানান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.