Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে প্রাণ কোম্পানির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জে প্রাণ কোম্পানির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৬  জানুয়ারি) বিকালের দিকে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ফিরোজ মিয়া (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪জন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে প্রাণ কোম্পানির একটি নির্মাণাধীন ছাদ শুক্রবার বিকালে ধসে পড়ে। এ সময় ছাদের নিছে চাপা পড়ে ফিরোজ মিয়াসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। স্থানীয় লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা ফিরোজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ দুর্ঘটনায় আহতরা হলেন, সবুজ মিয়া (৩২), মিজানুর রহমান (২৮), মেহের মিয়া (২৯), রাজীব হোসেন (২১)। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র ম্যানেজার এহসানুল হাবিব ছাদ ধসের ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আহত এবং নিহতের পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.