Sylhet Today 24 PRINT

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জানুয়ারী, ২০১৮

‘দুনীতি বিরোধী শপথের প্রদীপ স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই’ শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়, সিলেটের উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সিলেট সরকারি মহিলা কলেজের যৌথ সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুটি পর্ব অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে কুমিল্লা জেলা স্কুল বনাম ময়মনসিংহ জেলা স্কুল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ বনাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

তাদের বিতর্কের বিষয় ছিল মাধ্যমিকদের জন্য ‘সামাজিক আন্দোলন ব্যতীত দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়’ আর উচ্চ মাধ্যমিকদের জন্য ‘সরকারি দায়িত্বে থাকা কর্মচারীদের স্বেচ্ছাধীন ক্ষমতা রহিতকরণ-ই দুর্নীতি হ্রাস করার অন্যতম উপায়’।

মাধ্যমিক পর্বে জয়ী হয় ময়মনসিংহ জেলা স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্বে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিজয় লাভ করে।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মওলা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজের প্রফেসর আবুল হামিদ, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি,  সহকারী জেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিলেট এর সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ।

এছাড়াও অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় দুদক পরিচালক নিরু সামসুন্নাহার, দুদক সিলেট উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিলেটের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল অব. জুবায়ের সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.