সিলেটটুডে ডেস্ক | ২৮ জানুয়ারী, ২০১৮
সিলেটের ফেঞ্চুগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোকামের তল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আক্কল আলী (৩৭) স্থানীয় বাদেদেউলী গ্রামের মৃত রওয়াব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার হাজিরা দিতে রোববার সকালে বাড়ি থেকে বের হন আক্কল আলী। পথিমধ্যে স্থানীয় মোকামের তল সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আসামাত্র প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আক্কল আলীর ভাই আকমল আলী বলেন, প্রতিপক্ষ আমির আলীসহ কয়েকজনের সঙ্গে ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল তাদের। ভূমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের লোকজন তার ভাইকে চুরির মামলাসহ বিভিন্ন মামলায় আসামি করে। এ মামলায় কারাগার থেকে জামিনে এসে রোববার আদালতে ওই মামলার হাজিরা দিতে বাড়ি থেকে রওয়ানা হন আক্কল। পথিমধ্যে অটোরিকশা স্ট্যান্ডে প্রতিপক্ষের মিনহাজ, রেবুল, ময়না, তেরাব আলী, ডালিম, সেলু, ফয়ছল, মজনু, সিপন, আব্দুল আলী, নজমুলসহ ১৫/১৬ জন অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা এসময় হামলার ঘটনা প্রত্যক্ষ করলেও অস্ত্রের ভয়ে কেউ আক্কলের সাহায্যার্থে এগিয়ে আসেননি।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, হামলার ঘটনা শুনেছি। আহতের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।