Sylhet Today 24 PRINT

পরিপূর্ণ মানুষ হতে হলে সুশিক্ষা গ্রহণ করতে হবে: লে.কর্নেল জাহিদ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জানুয়ারী, ২০১৮

৪১ বিজিবি সিলেট’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেছেন, একজন পরিপূর্ণ মানুষ হতে হলে আমাদেরকে সুশিক্ষা গ্রহণ করতে হবে। সুশিক্ষা গ্রহণ করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনগ্রসর জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় বর্ডার গার্ড কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও স্মরণিকা ‘স্মৃতিময় বিজিপিএসসি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কলেজ অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নিখিল রঞ্জন মজুমদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান ও উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মো. সামছুল ইসলাম। শিক্ষক মো. ফয়জুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. এনায়েতুর রহমান, সিনিয়র শিক্ষক সুদীপ কুমার দাশ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা রহমান খান ও রিয়া দেব চৌধুরী। মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী হিয়াত রহমান রাহি ও ঐশী চক্রবর্তী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ হাসান নাবিল ও মনিষা ঘোষ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিশাল পুরকায়স্থ ও আফরোজা তাবাসসুম পিংকি। পরে ‘স্মৃতিময় বিজিপিএসসি’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, বিদায়ী শিক্ষার্থীদের প্রাণচঞ্চল পদচারণায় এতদিন আমাদের ক্যাম্পাস মুখরিত ছিলো। আজকের বিদায় কোন শেষ বিদায় নয়। এটা হলো আনন্দের বিদায়। বিদায়ী শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে এই প্রতিষ্ঠানের মুখকে আরো আলোকিত করবে এটাই প্রত্যাশা। এছাড়া তিনি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের পরীক্ষা সম্পর্কে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

একই দিনে সকাল ৯টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বার্ষিক মিলাদ মাহফিল ও সিরাতুন্নবী (স.) আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সর্বোপরি দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.