Sylhet Today 24 PRINT

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০১৮

নগরীর রিকাবীবাজারের কাজী নজরুল ইসলাম চত্বর। পুরো চত্বর ঢেকে গেছে পোস্টার আর ফেস্টুনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টানিয়েছেন এসব পোস্টার আর ফেস্টুন।

কেবল এই চত্বর নয়, নগরীর বেশিরভাগ চত্বর আর সড়ক এখন ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, তোরণ আর পোস্টারে। আর জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠের পাশের চৌহাট্টা-রিকাবীবাজার সড়কে তো ব্যানার-ফেস্টুন-তোরণে একেবারে গাদাগাদি অবস্থা। শঙ্খ ঘোষের কবিতার মতো- 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে'।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোকে উপলক্ষ্য করে নিজেদের প্রচারণায় ব্যস্ত নেতারা। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে সিটি আর জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা। রীতিমত প্রতিযোগীতা করে প্রচারণায় নেমেছেন তাঁরা। নগরীর প্রায় সবকটি বিলবোর্ড দখল করেও চলছে প্রচারণা।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতারা নিজেদের প্রচারণা চালালেও সরকারের উন্নয়ন কর্মকান্ডের তেমন প্রচারণা নেই। কেবল সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্তমান সরকারের আমলে সিলেট সিটিতে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে কয়েকটি বিলবোর্ডে। তবে দলীয় নেতাদের বিলবোর্ড-ব্যানারে নেই উন্নয়ন কর্মকান্ডের কোনো প্রচারণা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের অনেক কর্মী।

নেতারা সরকারের উন্নয়নের প্রচারের বদলে নিজেদের প্রচারেই ব্যস্ত। যেকোনো ভাবে দলীয় প্রধানের সুদৃষ্টি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমন মন্তব্য করেছেন নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মধ্যম সারির একাধিক নেতা।

সম্প্রতি গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় খোদ প্রধানমন্ত্রীও সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে না পারার জন্য দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। এই সরকারের আমলে সিলেট সিটি কর্পোরেশনেই প্রায় ৮শ' কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। পুরো বিভাগজুড়েই ব্যাপক উন্নয়ন হয়েছে। মঙ্গলবার সিলেট এসেও প্রধানমন্ত্রী ৩৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মিসবাহ সিরাজ বলেন, সরকারের এই ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ব্যাপারে সাধারণ মানুষ অবহিত আছে। তারা এর সুফলও ভোগ করছেন। আমরাও এসব উন্নয়নের প্রচারণা চালাচ্ছি। আগামীতে তা আরো বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে পুরো সিলেটজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেটবাসী প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন। ফলে কেবল দলীয় নেতা নন, সাধারণ মানুষজনও বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এগুলো সরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষন দেবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.