Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ইয়াবাসহ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরের আলোচিত ত্রাস ছাত্রলীগের সহ-সভাপতি দুটি হত্যাসহ বিভিন্ন মামলার আসামী সোহান আহমেদ মুছাকে ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব

রোববার গভীর রাতে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল)এর এডিশনাল এসপি বিধান চন্দ্র ও এ এস পি পিঝুসের নেতৃত্বে র‌্যাব সদস্যরা পৌর এলাকার ছালামতপুর গ্রামস্থ তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে সন্ত্রাসী মুছাকে গ্রেপ্তার করতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী নেতৃত্বে এসআই কবির সহ একদল পুলিশ তাদেরকে সহযোগিতা করে।

আলোচিত মুছার বাড়ির চারটি গেটের তালা ভেঙে প্রায় দেড়ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় র‌্যাব।

সম্প্রতি, মুছা দিন-দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের হীরা মিয়া গার্লস স্কুলের সামনে প্রকাশ্য অস্ত্র দেখিয়ে ৩ দোকানে হামলা ভাংচুর লুটপাট সহ অক্ষয় কুমার দাসের ৩টি মোটর সাইকেলসহ ৭ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যায়। গত ১২ ডিসেম্বর বিকালে মুছা শ্রমিক নেতা হেলাল আহমদের বাড়ির সীমানায় বেড়া দিয়ে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করতে গিয়ে মুছা ও তার পরিবারের সদস্যদের রোষানলে পড়ে পুলিশ। এক পর্যায়ে মুছাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তার হুমকিতে ফিরে আসতে বাধ্য হয় পুলিশ।

স্থানীয় লোকজন জানান, মুছা পৌর এলাকার ছালামতপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলা ও তার সৎ ভাই হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী। উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহান আহমদ মুছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি, সন্ত্রাসী কর্মকাণ্ড, রোড ডাকাতি, ইন্ডিয়ান চোরাই মোটর সাইকেল ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে।

মুছাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী। তিনি বলেন, নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গত রাত দেড়টার দিকে অভিযান চালানো হয় তার বাড়িতে। দেড় ঘণ্টা অভিযানের পর তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.