শাবি প্রতিনিধি | ২৯ জানুয়ারী, ২০১৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্রজোটের ৮ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় শাবিপ্রবির প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত ২৪ জানুয়ারি দেশব্যাপী ছাত্র ধর্মঘট ডাকে প্রগতিশীল ছাত্রজোট।
আহতদের মধ্যে রয়েছেন নগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুবাইয়াত রুবা, জয়দীপ দাস সহ আরও ছয় জন। আইপিই ৩য় বর্ষের ছাত্র জয়দীপ দাসের মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে; তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশের সময়ে শাবিপ্রবি ছাত্রলীগের একাংশের নেতা মুশফিকুর রহিম জিয়া, শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুব্রত পালের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে প্রগতিশীল জোটের মিছিলে হামলা চালায়।
এ ব্যপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রক্টর প্রফেসর জহির উদ্দিন নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের একাংশ প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে। তিনি আরো বলেন এ ঘটনায় তদন্ত কমটি গঠন করে দোষীদের খুঁজে বের করা হবে।