Sylhet Today 24 PRINT

বিছনাকান্দিতে শ্রমিকের মৃত্যু: ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দির বগাইয়া মুসলিমপাড়া নদীরপারের পাথরকোয়ারিতে আলী নুর নামের পাথর শ্রমিক মাটি চাপায় নিহতের ঘটনায় হত্যা মামলা (নম্বর-২৫)  দায়ের করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে নিহতের স্ত্রী রুহেনা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ঘোরাগ্রামের মো. ফিরোজ আলীর ছেলে রইছ উদ্দিন ওরফে আজাদ (৩০), বিছনাকান্দি গ্রামের ইমরান আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৫), একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) ও মৃত তরমুজ আলীর ছেলে এনাম মিয়া (৩০)।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা বিছনাকান্দির বগাইয়া মুসলিমপাড়া নদীরপারের পাথরকোয়ারিতে মাটি চাপায় বাদী রুহেনার স্বামী আলী নুর মারা যেতে পারে জেনেও তাকে পাথর উত্তোলনে কোয়ারির গর্তে নামায়। পরে সেখানে মাটিচাপায় তার স্বামীর মৃত্যু ঘটে এবং অন্য শ্রমিকেরা আহত হন। 

মামলার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন,‘ এ ঘটনায় হেলাল ও রইছ নামের দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

প্রসঙ্গত, রোববার (২৮ জানুয়ারি) সকাল ৭ টার দিকে বিছনাকান্দির মুসলিমপাড়ার পাথর কোয়ারিতে মাটিচাপা পড়ে আলী নুর মারা যান এবং আহত হন আরো ৩ শ্রমিক। নিহত আলী নুরের হবিগঞ্জের বানিয়াচংয়ের গুনই গ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.