Sylhet Today 24 PRINT

মানবিক চেতনায় আমাদের জাগ্রত হতে হবে: সেলিনা হোসেন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৮

কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, বাংলা ভাষা আমাদের অহংকার; মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। আমরা অনেক কিছু হারিয়ে একটি স্বাধীন দেশ পেয়েছি। এদেশের মান মর্যাদা আমাদেরকেই ধরে রাখতে হবে।

রোববার (২৮ জানুয়ারি) রাত ৮টায় পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সাংবাদিক সংগঠন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, দুইটি বিষয় আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। একটি ভালবাসা অপরটি মানবিক চেতনা। ভালবাসা ও মানবিক চেতনায় আমাদের জাগ্রত হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশে দাঁড়িয়ে গেছে। এখন আমাদের সবাইকে এক সাথে কাজ করে দেশকে সামাজিক-সাংষ্কৃতিকভাবে এগিয়ে নিতে হবে।

সংগঠনের সভাপতি কবি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাবুল আহমেদের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, সাংবাদিক ও কলামিস্ট ফারুক যোশি, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মজির উদ্দিন আনছার, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান।

জার্নালিস্ট এসোসিয়েশন’র সদস্য আব্দুল ওয়াদুদের স্বাগত বক্তব্য শেষে সংগঠনের নব গঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে স্মারক সম্মাননা প্রদান ও প্রতিকৃতি উপহার দেয়া হয়।

বিয়ানীবাজার প্রেসক্লাব সম্পাদক মিলাদ জয়নুলের শুভেচ্ছা বক্তব্য শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সী, রোটারি ক্লাব অব ঢাকা ডাউন টাউনের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানের বিয়ানীবাজারের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সুধীজনসহ সকল পেশার দায়িত্বশীল মানুষজন উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানের পরিচিতি পর্ব ও আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.