Sylhet Today 24 PRINT

কানাইঘাটে চলন্ত পিকআপ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৮

সিলেটের কানাইঘাটে চলন্ত পিকআপ থেকে ছিটকে পড়ে মঈনুদ্দিন (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি ও ভালুকমারা চর এলাকায় মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মঈন ভালুকমারা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাথরবাহী পিকআপ থেকে পাথর নামিয়ে ফেরার পথে রাস্তার খারাপ অবস্থার কারণে হঠাৎ পিকআপ চালক জাকারিয়ার পাশের সিট থেকে সহযোগী মঈনুদ্দিন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা মঈনুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এদিকে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.