নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারী, ২০১৮
সিলেট থেকেই আগামী নির্বাচনের প্রচারণা শুরুর লক্ষ্যে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট সফরে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে যেমন বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, তেমনি নগরীর বিভিন্ন এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রিত ও ক্ষেত্র বিশেষে সীমিত থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
সিলেট মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত-উপ কমিশনার নিকুলিন চাকমা জানান, প্রধানমন্ত্রীর সফরের যাত্রাপথে সকাল থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
মাজার জিয়ারত ও পরবর্তিতে সার্কিট হাউজে যাত্রা বিরতিতে যাওয়ার যে সকল রাস্তা ব্যবহৃত হবে, তাতে নির্দ্দিষ্ট সময়ের কিছু আগে থেকেই নিরাপত্তার স্বার্থে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলেও জানান তিনি।
একদিনের সফরে মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মোটরযোগে হযরত শাহজালাল (র) এর দরগাহ জিয়ারতে আসবেন প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহপরাণ (র) মাজার ও ও হযরত গাজী বুরহান উদ্দিন (র) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। তারপর সিলেট সার্কিট হাউজে বিশ্রাম নিবেন শেখ হাসিনা।
পরে বিকেল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সিলেট অবস্থানকালে সিলেট-সুনামগঞ্জ রোডের সুবিদবাজার পয়েন্ট, সিলেট-তামাবিল রোডের খাদিমনগর বাইপাস পয়েন্ট ও সিলেট-ঢাকা মহাসড়কের হুমায়ুন রশীদ চত্বর থেকে সিলেটের অন্তর্মুখি যান চলাচল সীমিত করা হবে বলে জানিয়েছেন মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত-উপ কমিশনার নিকুলিন চাকমা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেট নিরাপত্তা চাদরে ঢাকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে নগরীর অনেক প্রবেশমুখ, রাস্তাঘাট ও যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে বা নিয়ন্ত্রণ করা হতে পারে।
প্রধানমন্ত্রীর জনসভার দিন বিদেশ যাত্রীদের জন্য হাতে বেশী সময় নিয়ে বাসা বা বাড়ি থেকে বের হওয়ার জন্যও নির্দেশনা প্রদান করা হয়।