Sylhet Today 24 PRINT

সিলেটের জারা লেবু উপহার পাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৮

নির্বাচনী সফরের শুরু হিসাবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রীকে জারা লেবু উপহার দেবেন গোয়াইনঘাটের মুজাহিদুল ইসলাম।

আইডিয়া-এসডিসি-সমষ্টি প্রকল্পের উদ্যোগে, কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় এবং এসডিসি-এর অর্থায়নে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর, পূর্ব জাফলং ও পশ্চিম জাফলং ইউনিয়নে জারা লেবু উৎপাদন বাজারজাতকরণ ও গুনগতমান নিশ্চিতকরণে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে পারস্পরিক সহযোগীতার মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করছে। ফতেপুর ইউনিয়নের জারা লেবুর উৎপাদনকারী ও সমষ্টি প্রকল্পের স্থানীয় সেবা প্রদানকারী মুজাহিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জারা লেবু উপহার হিসেবে প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে মুজাহিদুল ইসলামের কাছ থেকে ইতোমধ্যে ওই লেবু গ্রহণ করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, বিগত ২০০৩-২০১২ পর্যন্ত গোয়াইনঘাট ও জৈন্তিয়া উপজেলা হতে জারা লেবু ইংল্যন্ডে রপ্তানি করা হতো। এ সময় এ জারা লেবু উৎপাদন ও বাজারজাতকরণের সাথে অনেক উপকারভোগ ও উৎপাদনকারী জড়িত ছিল এবং এ থেকে অনেক বৈদেশিক মুদ্রা আয় হত।

কিন্তু ২০১৩ সালের দিকে ইংল্যান্ডে রপ্তানি বন্ধ হয়ে যায় সিলেটের জারা লেবুর। সরবরাহ বন্ধ হওয়ার অন্যতম কারণ ছিলো, এই এলাকার জারা লেবুতে ক্যাংকার রোগ দেখা যায়, যেটি ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত একটি রোগ এবং এ রোগে আক্রান্ত লেবু ইংল্যান্ডে গ্রহণ করে না।

এ সমস্যা সমাধানের জন্য ২০১৩ সালে ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তারা ফতেপুর ইউনিয়ন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা এ বাগানগুলোতে কপার অক্সিক্লোরাইড ও এ্যাডমায়ার স্প্রে করার পরামর্শ প্রদান করেন।

তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কৃষকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেও পরবর্তীতে এ এলাকার লেবু ইংল্যান্ডে রপ্তানি করা সম্ভব হয়নি। বর্তমানে জারা লেবু উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষকগণ দাবি করেন, তাদের লেবু এখন ক্যাংকারমুক্ত।

গোয়াইনঘাট উপজেলায় বর্তমানে ১৫৬টি ছোট-বড়-মাঝারি জারা লেবুর বাগান রয়েছে। জারা লেবুর গুনগত মান উন্নয়ন ও সমস্যা সমাধানে উপজেলা কৃষি অফিস লেবুর জাত পরিবর্তনের ক্ষেত্রে এসডিসি-সমষ্টি প্রকল্পের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। জারা লেবু উৎপাদনের সাথে জড়িত কৃষকদের দাবি, উৎপাদিত জারা লেবু পুনরায় রপ্তানির ক্ষেত্রে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

বর্তমানে জারা লেবু বিদেশে রপ্তানি না হওয়ার কারণে কৃষকরা নিরুৎসাহিত হয়ে পড়েছেন, যার ফলশ্রুতিতে বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে, দেশে জারা লেবু বিক্রি করে যে মূল্য কৃষকরা পাচ্ছেন, তাতে তাদের উৎপাদন খরচও উঠে আসছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.