Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর আগমন: পুলিশের কড়া প্রহরা, ভোগান্তি

রাজীব রাসেল  |  ৩০ জানুয়ারী, ২০১৮

আজ (মঙ্গলবার) সিলেটে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল (র) এর মাজার জিয়ারতের মাধ্যমে আজ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দারুণ আনন্দিত আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা, সাধারণ মানুষের মধ্যেও আছে আগ্রহ। তবে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের সৃষ্ট নিরাপত্তার বাড়াবাড়িতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভোগান্তির বাস্তব চিত্র। পাড়ায়-মহল্লায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ। পথে পথে পুলিশের তৈরি প্রতিবন্ধকতা। বন্ধ করে দেওয়া হচ্ছে দোকানপাট, চলতে দেওয়া হচ্ছে না কোন প্রকার যানবাহন। এমনকি কোথাও কোথাও মানুষকে রাস্তায় বের হতেও বাধা দেওয়া হচ্ছে। এ অবস্থায় মানুষের মাঝে দেখা গেছে প্রকাশ্য ও চাপা ক্ষোভ।

মূলত প্রধানমন্ত্রী সিলেটের যেসব সড়ক ধরে যাবেন, সেসব এলাকার মানুষকেই বেশি পোহাতে হচ্ছে এমন ভোগান্তি। নগরীর বিমানবন্দর সড়ক থেকে শুরু করে চৌকিদেখী, খাসদবির, আম্বরখানা, সুবিদবাজার, শাহী ঈদগাহ, কুমারপাড়া, নাইওরপুল, উপশহর, টিলাগড়, মেজরটিলা, খাদিম এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেসব এলাকার চিত্র এখন কড়া হরতালের মতো।

নগরীর শাহী ঈদগাহ এলাকার বৃদ্ধ আব্দুস সালাম গুরুতর অসুস্থ হয়ে গতকাল থেকে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। আজ সকালে তাঁর মেয়েরা বাবার জন্য খাবার বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী সিএনজি অটোরিক্সা আটকে দেয় পুলিশ। অনেক অনুরোধের পরও যেতে দেয়া হয়নি তাদের। নামিয়ে দেয়া হয় অটোরিক্সা থেকে। আব্দুস সালামের এক মেয়ে ক্ষোভ জানিয়ে প্রশ্ন করেন, "প্রধানমন্ত্রী আসবেন, এখানে আমাদের অপরাধটা কি?"

রাস্তায় চলতে দেয়া হচ্ছে না রিক্সাও। কুমারপাড়া এলাকায় তাই আড্ডা দিয়ে সময় পার করতে দেখা গেছে রিক্সা চালকদের। তাদের একজন বলেন, "বিএনপি অনেকদিন হরতাল দেয় না। কিন্তু সরকার তাদের থেকেও কড়া হরতাল দিয়ে দিলো।" পাশ থেকেই আরেকজন রিক্সাচালক বলে ওঠেন, "হরতাল না, এটা হরতালের বাবা!"

বন্ধ করে দেয়া হয়েছে ওইসব সড়কের দোকানগুলোও। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পণ্য কিনতে আসা ক্রেতারাও। নিরুপায় হয়ে ফিরে যেতে দেখা গেছে ক্রেতাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.