Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের সাজে সিলেট নগর

উত্তম কাব্য |  ৩০ জানুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে কেন্দ্র করে উৎসবের সাজে সেজেছে সিলেট নগর। বাহারি ব্যানার-ফেস্টুনে সেজেছে সিলেট। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় যাবেন। এখান বেলা সাড়ে ১১টায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে সড়কপথে শাহপরান মাজারে যাবেন। পরে দুপুর ১২টায় সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করতে নগরের কুশিঘাটের উদ্দেশ্যে রওনা করবেন তিনি।

পরে বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য অবস্থান করবেন। এরপর বেলা ২টা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

পরে মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেটের গুরুত্বপূর্ণ সব সড়ক গুলো সেজেছে বর্ণিল সাজে। নেত্রীর আগমনে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগর, আলোকিত করা হয়েছে পয়েন্টগুলো। নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা।

নগরীর রিকাবী বাজারে গিয়ে দুপুরে লক্ষ্য করা যায় পুরো পয়েন্ট ব্যানার ফেস্টুনে ভরা। আলিয়া মাদ্রাসায় প্রধানমন্ত্রীর স্টেজের পাশে নেয়া হচ্ছে প্রচুর নিরাপত্তা। নগরের মোড়ে মোড়ে পুলিশ সহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

ক্বিন ব্রিজের একপাশে ও সার্কিট হাউজের আংশিক রঙ করা হয়েছে। সার্কিট হাউজের পাশে থাকা হকার, চা ও চটপটির দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

সিলেট এই আমেজ নিয়ে সিলেটের সংস্কৃতিকর্মী রুবেল আহমেদ কুয়াশা বলেন, এ এক অন্য রকম সিলেট দেখছি। যদিও আলোকিত সাজগোজের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরী দেখছি আমি আজ। এরকম সব সময় থাকলে আমরা একটি "ক্লিন সিলেট গ্রিন সিলেট পেতাম"।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিলেও কোন জনসভায় অংশ নেন নেননি। এবার নির্বাচনের বছরে প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় ভাষণের মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার শুরু করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.